• দেশজুড়ে
  • বিএনপির দু’পক্ষের ইফতার মাহফিল ঘিরে ১৪৪ ধারা জারি

বিএনপির দু’পক্ষের ইফতার মাহফিল ঘিরে ১৪৪ ধারা জারি

ঝিনাইদহ

দেশজুড়ে ১ মিনিট পড়া
বিএনপির দু’পক্ষের ইফতার মাহফিল ঘিরে ১৪৪ ধারা জারি

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দুই পক্ষ ইফতার মাহফিল আয়োজন করায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রবিবার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারি করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, রবিবার সকালে ওই মাঠে গত সংসদ সদস্য নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিষ্কৃত সাইফুল ইসলাম ফিরোজ ও ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের পক্ষ থেকে ইফতার মাহফিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়। একই সময় এবং একই স্থানে দুই পক্ষের পাল্টা ইফতার মাহফিলের আয়োজন করায় উপজেলা প্রশাসন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে সকল ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানান, প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করে মাইকিং করার পর প্যান্ডেল খুলে ফেলা হয়েছে। এখানে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া আর কেউ নেই।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, একই স্থানে দুইপক্ষের ইফতার মাহফিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার ১৪৪ ধারা জারি করে শহরে মাইকিং করে সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন।