সিরাজগঞ্জের সদরে কোমল পানিয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে তার স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ নজরুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) হামিদুল ইসলাম দুলাল।
দণ্ড পাওয়া ইসরাত জাহান ইমা কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামের নুরনবী আকন্দের মেয়ে।
মামলার বরাতে এপিপি হামিদুল ইসলাম বলেন, ২০১২ সালে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী পূর্বপাড়ার এস এম সায়েমের সঙ্গে ইমার বিয়ে হয়। সায়েম সিলেটে পূবালী ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।
বাড়িতে সায়েমের অনুপস্থিতিতে ইমা প্রতিবেশী কয়েকজন পুরুষের সঙ্গে মোবাইলে কথা বলতেন। সায়েম বিষয়টি জানার পর তাদের সংসারে বিরোধ শুরু হয়। এ অবস্থায় ২০২২ সালের ৮ জুলাই সায়েম ঈদের ছুটিতে বাড়িতে আসেন। ইমা প্রথমে শরবত খাওয়ালে সায়েম ঘুমিয়ে পড়েন।
“এরপর রাতে সেভেন আপের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাড়ির সবাইকে খাওয়ালে ঘুমিয়ে পড়েন। গভীররাতে ইমা অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজনের সহযোগিতায় অস্ত্র দিয়ে কুপিয়ে সায়েমকে হত্যা করেন”, বলেন এপিপি।
এ ঘটনায় সায়েমের বাবা শেখ ফরিদ বাদী হয়ে ইমার বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ইমার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী দুলাল।