নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের বাতাকান্দি গ্রামের ৯নং ওয়ার্ডের চৌধুরী গাজী বাড়ির বাসিন্দা মনিরুজ্জামান মনির দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে সেনবাগ পৌরসভার দক্ষিণ কাদরা ছয়বাড়িয়া গ্রামে বারিকের বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।
জানা যায়, মনিরুজ্জামান মনির এক সময় প্রবাসে কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন বিদেশে থেকে দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি জীবিকার তাগিদে বিভিন্ন সময় রংয়ের কাজ করার পাশাপাশি গত এক বছর ধরে সেনবাগ সরকারি হাসপাতাল ডিবি রোড এলাকায় আহসান উল্ল্যাহর দোকানঘর ভাড়া নিয়ে একটি ছোট চা দোকান পরিচালনা করে আসছিলেন।
ভুক্তভোগী মনিরুজ্জামান মনির অভিযোগ করে বলেন, মঙ্গলবার (২০ রমজান, ১০ মার্চ) দুপুর আনুমানিক আড়াইটার দিকে তিনি যে বিল্ডিংয়ে ভাড়া থাকেন সেই বিল্ডিংয়ের মালিক প্রবাসী বারিকের ছেলে তারেক হঠাৎ করে তার চা দোকানে এসে দোকানের বিভিন্ন মালামাল ফেলে দেয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করে। এ সময় দোকানের বেশ কিছু জিনিসপত্র নষ্ট হয়ে যায়।
মনিরুজ্জামান মনির আরও জানান, বাড়িভাড়া সংক্রান্ত কিছু লেনদেন নিয়ে তাদের মধ্যে আগে থেকে কথাবার্তা চলছিল। তবে এভাবে দোকানে এসে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনি হতবাক ও আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ঘটনায় তিনি স্থানীয় এলাকাবাসী ও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেছেন।
এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ঘটনার সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে বলেও জানা গেছে। তবে অভিযুক্ত তারেকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।