সিলেট সদরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে তিনজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাত দেড়টা থেকে সকাল ৭টা পর্যন্ত সদর উপজেলার ধোপগুল এলাকার বাসাবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।
দণ্ড পাওয়ারা হলেন- ওই এলাকার নুনু মিয়ার ছেলে উছমান, লুলু মিয়ার ছেলে জাকির হোসেন এবং মজু মিয়ার ছেলে হাফিজ মো. লাহিন মিয়া।
ইউএনও খোশনূর রুবাইয়াৎ বলেন, দণ্ড পাওয়ারা বাসাবাড়িতে প্রায় তিন হাজার লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করে উচ্চমূল্যে বিক্রি করছিলেন। এতে বাজারে জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়।
তিনি বলেন, অভিযানে ৯২০ লিটার ডিজেল, পাঁচটি খালি ড্রাম, একটি অর্ধপূর্ণ ড্রাম, চারটি পূর্ণ ড্রাম এবং ড্রাম থেকে তেল ভরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে জব্দ করা তেল বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া সরকারি ধার্য মূল্যে এসব তেল বিক্রি করে পাওয়া অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও খোশনূর রুবাইয়াৎ জানান।