রমজানের পবিত্র সন্ধ্যায় ত্যাগ, সংযম ও দোয়ার আবহে উজ্জ্বল হয়ে উঠেছিল সাতক্ষীরার লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। সেখানে একত্রিত হয়েছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শত শত হৃদয় একসঙ্গে প্রার্থনায় মিলিত হয়।
বুধবার (১১ মার্চ) ২১ রমজান সন্ধ্যায় সাতক্ষীরা শহরের লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি) সাতক্ষীরা অঞ্চলের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি এবং মোঃ আক্তারুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) এ কে এম ফারুক ফয়সল, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মুজিবর রহমান এবং মোঃ রবিউল ইসলাম।
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি) সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা অঞ্চলের সভাপতি ও এজিএম শেখ সালাহ্উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশ ও জনগণের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনতা ব্যাংক পিএলসি সাতক্ষীরা এরিয়া অফিসের সিনিয়র অফিসার মোঃ নাসির উদ্দীন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেবিএবি সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন। দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
রমজানের পবিত্র এই আয়োজনে অংশগ্রহণকারীদের কণ্ঠে ধ্বনিত হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনার প্রার্থনা, যা সন্ধ্যাটিকে এক আবেগঘন পরিবেশে রূপ দেয়।