• জাতীয়
  • সংসদের শোকপ্রস্তাব থেকে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহার চায় ছাত্র ফেডারেশন

সংসদের শোকপ্রস্তাব থেকে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহার চায় ছাত্র ফেডারেশন

জাতীয় ১ মিনিট পড়া
সংসদের শোকপ্রস্তাব থেকে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহার চায় ছাত্র ফেডারেশন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধীদের নাম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শোকপ্রস্তাবে রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র ফেডারেশন।

সংগঠনটি বলেছে, একাত্তরের ঘাতক-দালাল ও চিহ্নিত যুদ্ধাপরাধীদের রাষ্ট্রীয় শোকে অন্তর্ভুক্ত করা মুক্তিযুদ্ধের লাখ লাখ শহীদের রক্তের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সঙ্গে স্পষ্ট বেইমানি।

আজ শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেছেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ। সংসদের শোকপ্রস্তাব থেকে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এ দেশের মানুষ দীর্ঘ সংগ্রাম করেছে। বিগত ফ্যাসিস্ট আমলে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আইনি প্রশ্ন ও বিতর্ক রয়েছে, কিন্তু তাতে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের কলঙ্কিত ঐতিহাসিক ভূমিকা কোনোভাবেই মিথ্যা হয়ে যায় না। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের দায় ইতিহাসে স্পষ্টভাবে লিপিবদ্ধ আছে।

ছাত্র ফেডারেশন নেতারা বলেছেন, প্রকৃত জাতীয় পুনর্গঠন তখনই সম্ভব, যখন ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত সব গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের যথাযথ, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করা হবে। বিচারহীনতার সংস্কৃতি বজায় রেখে কোনো দিনই প্রকৃত জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে না।

বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ সব অপরাধের ন্যায়বিচার দাবি করেছে ছাত্র ফেডারেশন।

Tags: প্রত্যাহার শোকপ্রস্তাব সংস যুদ্ধাপরাধী ছাত্র ফেডারেশন