• জাতীয়
  • কমলাপুরে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ, স্বস্তির ঈদযাত্রায় কড়া নজরদারি

কমলাপুরে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ, স্বস্তির ঈদযাত্রায় কড়া নজরদারি

জাতীয় ১ মিনিট পড়া
কমলাপুরে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ, স্বস্তির ঈদযাত্রায় কড়া নজরদারি

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। নাড়ির টানে গ্রামের বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ।

ঈদ সামনে রেখে রাজধানীর প্রধান রেলস্টেশন কমলাপুরে বাড়ছে ঘরমুখো যাত্রীদের চাপ। তবে দুই স্তরের টিকিট যাচাই ব্যবস্থার কারণে প্ল্যাটফর্মে আগের তুলনায় জটলা ও বিশৃঙ্খলা কম দেখা গেছে।

সোমবার (১৬ মার্চ) সকালে কমলাপুর রেলস্টেশন ঘুরে এমন চিত্র দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্টেশনে বাড়তে থাকে যাত্রীদের ভিড়।

সরেজমিনে দেখা যায়, ব্যাগপত্র আর ঈদের আনন্দ নিয়ে যাত্রীরা স্টেশনে আসছেন। তবে টিকিট ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না রেলওয়ে কর্তৃপক্ষ।

স্টেশনের মূল গেটে একবার এবং প্ল্যাটফর্মে ওঠার আগে দ্বিতীয়বার-এই দুই ধাপে টিকিট যাচাই করা হচ্ছে। এতে যাত্রীরা সুশৃঙ্খলভাবে নির্ধারিত ট্রেনে উঠতে পারছেন। অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে অনেকেই নির্ধারিত সময়ের আগেই স্টেশনে এসে অপেক্ষা করছেন। স্টেশনের গেটে টিকিট চেকিংয়ের দায়িত্বে থাকা আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, গতকালের তুলনায় আজ যাত্রীর চাপ একটু বেশি।

আমরা দুই স্তরে টিকিট চেক করছি। টিকিট নিশ্চিত হওয়ার পরই যাত্রীরা ভেতরে ঢুকতে পারছেন। এতে ভেতরে বিশৃঙ্খলা হচ্ছে না। স্টেশন কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়েই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। দু-একটি ট্রেন সামান্য বিলম্ব করলেও বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি।

চাঁপাইনবাবগঞ্জগামী রাজশাহী কমিউটার ট্রেনের যাত্রী হাসান শিকদার বলেন, এখন পর্যন্ত যাত্রার পরিবেশ ভালো মনে হচ্ছে। টিকিট ছাড়া মানুষ স্টেশনে ঢুকতে না পারায় হুড়োহুড়ি নেই। ট্রেনের ভেতরেও পরিবেশ শান্ত। আশা করছি নিরাপদে বাড়ি পৌঁছাতে পারব।

সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী মুহাম্মদ জিকু জানান, অনলাইনে টিকিট পাওয়া নিয়ে এবার খুব একটা ভোগান্তি হয়নি। তিনি বলেন, আগে টিকিট কাটতে যে যুদ্ধ করতে হতো, অনলাইনে সিস্টেম উন্নত হওয়ায় এবার সেই চাপ কম ছিল। সঠিক সময়ে চেষ্টা করায় সহজেই টিকিট পেয়েছি।

স্টেশনের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী নুসরাত জাহান নিপু। তিনি বলেন, স্টেশনে এসে কোনো বাড়তি ভোগান্তি পোহাতে হয়নি। চেকিং ব্যবস্থা থাকায় প্ল্যাটফর্মে হকার বা অপ্রাসঙ্গিক মানুষের ভিড় নেই। নারীদের জন্য পরিবেশটা বেশ নিরাপদ মনে হচ্ছে।

কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, শেষ মুহূর্তের যাত্রীচাপ সামাল দিতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেলওয়ের নিজস্ব নিরাপত্তাকর্মীরা তৎপর রয়েছেন। পুরো ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে তারা নিরলসভাবে কাজ করছেন।

Tags: কমলাপুর ঘরমুখো মানুষের চাপ স্বস্তির ঈদযাত্রায় কড়া নজরদারি