• দেশজুড়ে
  • নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

দেশজুড়ে ১ মিনিট পড়া
নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

লতিফ রানা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ছয়টায় সদর উপজেলার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় লতা রানী মন্ডল (৫০) এবং সকাল সাড়ে নয়টায় বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার কবিলার মোড় এলাকায় অটোরিক্সার ধাক্কায় ফেরদোসি বেগম (৫৮) নামে নারী পথচারীর মৃত্যুর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ষ্টেডিয়াম এলাকা দিয়ে রাস্তাপাড়াপাড়ের সময় বেপরোয়া গতিতে কুষ্টিয়া থেকে চালিয়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৫৭৫৩) লতা রানী মন্ডলকে চাপা দেয়। এরপর বাসটি সামনে থাকা আরেকটি কভার্ডভ্যানে ধাক্কা দেয়। তখন আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় লতা রানী মন্ডলকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেসময় চালক ও হেলপার বাস রেখে পালিয়ে যায়।

নিহতের ভাতিজা শিপলু জানায়, লাঙ্গলবন্দ স্নান উৎসবে যাওয়ার জন্য ভোর ছয়টার দিকে কাকা সুখ রঞ্জন মন্ডল এবং কাকী লতা রানী মন্ডল বাসা থেকে বের হয়। পরে সাতটার দিকে তার জানতে পারেন যে তার কাকা এবং কাকী সড়ক দূর্ঘটনার শিকার হয়েছেন। তার কাকাও আহত হয়ে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত লতা রানীর লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন আছে।

অন্যদিকে সকাল সাড়ে ছয়টার দিকে ফেরদোসি বেগম তার নিজ বাসা থেকে নবীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে নবীগঞ্জ কবিলেরমোড় পূর্বপাড়া এলাকায় পৌঁছালে একটি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এসময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফেরদোসি বেগম নবীগঞ্জ খাদেমপাড়া এলাকার মৃত নুরুজ্জামান মিয়ার মেয়ে ও মৃত জমসের মিয়ার স্ত্রী।