​যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ জন গ্রেপ্তার পলাতক ২

আপলোড সময় : ১৬-০৬-২০২৬ , আপডেট সময় : ১৬-০৬-২০২৬

যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুই আসামি পলাতক রয়েছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

সোমবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী প্রায় আড়াই বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। গত ১২ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই নারী নিজ বাড়িতে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ১৫ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা (নং-১৩) রুজু করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২৪) এবং মেহেদি হাসান টুটুল (২৫)। অপর দুই আসামি আব্দুল্লাহ আল মামুন (২৬) ও ইমন (২৪) পলাতক রয়েছেন।

ওসি মারুফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত করছে। 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :