​দেশের বিভিন্ন স্থানে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপলোড সময় : ২১-০৬-২০২৬ , আপডেট সময় : ২১-০৬-২০২৬

এম. এমরান পাটোয়ারী, ফেনী: ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ফেনী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার হিরালাল চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন ও সাধারণ সম্পাদক লিটন সাহা, জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট সমির কর, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল চন্দ্র দাস, জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট রসিক শেখর ভৌমিক, সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি পুলিন দেবনাথ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার বসাক, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগ, ব্রাহ্মণ্ সংসদ ফেনীর সভাপতি জীবন আচার্য্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা- ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননাকর বক্তব্য ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনাগুলোর তীব্র নিন্দা জানান। একই সঙ্গে গাইবান্ধাসহ দেশের বিভিন্ন এলাকায় মন্দির ভাঙার হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের জয়কালী মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশ থেকে বক্তারা- সরকারের প্রতি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো  হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :