​মৌলভীবাজার সদর হাসপাতালের অবকাঠামো পরিদর্শনে জেলা প্রশাসক

জরুরি সংস্কারের নির্দেশ, রোগীসেবার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপের আশ্বাস

আপলোড সময় : ২৪-০৬-২০২৬ , আপডেট সময় : ২৪-০৬-২০২৬

মো. রুহুল আলম রনি, মৌলভীবাজার : মৌলভীবাজারের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিতকরণ এবং হাসপাতালের অবকাঠামোগত সমস্যাগুলো সরেজমিনে পর্যালোচনার লক্ষ্যে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। 

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক), মৌলভীবাজারের সিভিল সার্জন, গণপূর্ত বিভাগের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বিদ্যমান বেশ কয়েকটি অবকাঠামোগত সমস্যা জেলা প্রশাসকের নজরে আসে। তিনি বিভিন্ন ওয়ার্ডের দেয়ালে প্লাস্টার খসে পড়া, মেঝে ও দেয়ালের ক্ষয়, কয়েকটি স্থানে দরজা-জানালা ও গ্রিলের অকার্যকারিতা এবং শিশু ওয়ার্ডের ছাদসহ বিভিন্ন অংশে পানি চুইয়ে পড়ার বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। 

বিশেষ করে জরুরি অপারেশন থিয়েটারের কিছু অংশে পানি চুইয়ে পড়ার ঘটনা এবং ছাদের ক্ষতিগ্রস্ত অবস্থাকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়। হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্টরা জানান, এসব সমস্যার কারণে রোগীসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপত্তা ঝুঁকিও তৈরি হচ্ছে। 

পরিদর্শনের সময় জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন সেবা গ্রহণকারী রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। তিনি হাসপাতালের অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতালের অবকাঠামো নিরাপদ ও কার্যকর রাখা অত্যন্ত জরুরি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জরুরি মেরামত, সংস্কার ও রংকরণের কাজ শুরু করার নির্দেশ প্রদান করেন এবং প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। 

এদিকে জেলা প্রশাসকের এই পরিদর্শন ও তাৎক্ষণিক নির্দেশনায় হাসপাতাল সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। স্থানীয় বাসিন্দা ও রোগীদের স্বজনরাও আশা প্রকাশ করেছেন, দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যাগুলোর দ্রুত সমাধান হলে হাসপাতালের পরিবেশ আরও উন্নত হবে এবং রোগীরা নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন। 

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সরকারি হাসপাতালের সেবার পরিবেশ উন্নয়নে জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্থানীয়রা সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, নিয়মিত তদারকি ও দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন হলে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জেলার অন্যতম কার্যকর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে। 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :