‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’—অভিযোগ জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়কের

আপলোড সময় : ২৫-০৬-২০২৬ , আপডেট সময় : ২৫-০৬-২০২৬


৪৮ দলের বিশ্বকাপ নিয়ে দর্শকের যেমন রোমাঞ্চ আছে, তেমনি সমালোচনাও কম হচ্ছে না। এবারের আসরে ম্যাচের প্রতি অর্ধে ‘হাইড্রেশন ব্রেক’ নিয়েও চলছে তুমুল বিতর্ক। এর মধ্যেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে একহাত নিলেন জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিলিপ লাম।

বিশ্বকাপ আয়োজন ও ফিফার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে জার্মান সংবাদপত্র ডি জাইট-এ একটি কলাম লিখেছেন লাম।

 

সেখানে তিনি ফিফাকে কাঠগড়ায় তুলে বলেন, ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে, যা ফুটবলের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করছে। এর ফলে সমর্থকদের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে। ফিফা ও বিশ্বকাপকে এখন আলাদা করে দেখা সমর্থকদের জন্য কঠিন হয়ে উঠছে।’

 

কলামে এবারের বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এই জার্মান ডিফেন্ডার। এ বিষয়ে ফিফার উদ্দেশ্য নিয়ে তিনি সন্দিহান, ‘ফিফার বিরুদ্ধে প্রকৃত চাহিদা সম্পর্কে সঠিক তথ্য না দেওয়ার এবং সেটিকে ব্যবহার করে আয় সর্বোচ্চ করার চেষ্টার অভিযোগ আছে।’

১৬টি দল বেড়ে এবারই বিশ্বকাপ হচ্ছে ৪৮ দল নিয়ে। প্রায়ই প্রতি দুই বছরে একটি বিশ্বকাপ আয়োজনের আলোচনাও সামনে আসে। এ বিষয়ে দ্বিমত প্রকাশ করে লাম লিখেছেন, ‘একটি টুর্নামেন্টের দীর্ঘমেয়াদি প্রভাব রাখতে হলে যথাযথ প্রস্তুতি ও পরবর্তী কার্যক্রম প্রয়োজন।’

 

তবে সমালোচনার পাশাপাশি ফিফার একটা ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন লাম। ৪৮ দলের এই বড় বিশ্বকাপকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এর ফলে স্কটল্যান্ড, ডিআর কঙ্গো কিংবা কেপ ভার্দের মতো দলগুলোর জন্য নতুন গল্প তৈরি করার সুযোগ তৈরি হয়েছে।

অবশ্য ইনফান্তিনোর ওপর লামের এমন চটে যাওয়া এবারই প্রথম নয়। এর আগে ২০২২ বিশ্বকাপ চলাকালেও ফিফা সভাপতির সমালোচনা করে লাম বলেছিলেন, তাঁর মধ্যে ‘সততার অভাব’ আছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :