​ঝিনাইদহ-যশোর ছয় লেন প্রকল্পে জমির ন্যায্য মূল্য'র দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আপলোড সময় : ২৫-০৬-২০২৬ , আপডেট সময় : ২৫-০৬-২০২৬

সালাম হোসেন, ঝিনাইদহ : ঝিনাইদহ-যশোর ছয় লেন সড়ক প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণকারী জমির মালিকরা অভিযোগ করেন, প্রকল্পের আওতায় ৮ ধারার নোটিশ জারির মাধ্যমে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হলেও নির্ধারিত ক্ষতিপূরণের মূল্য বর্তমান বাজারদরের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।বিশেষ করে মহাসড়ক সংলগ্ন মূল্যবান জমিগুলোর ক্ষেত্রে বাজারমূল্যের তুলনায় অনেক কম মূল্য নির্ধারণ করা হয়েছে বলে তারা দাবি করেন।

কর্মসূচিতে বক্তব্য দেন ডাঃ মিজানুর রহমান ও আব্দুর রাজ্জাক। তারা বলেন, আমাদের জমির জন্য যে মূল্য নির্ধারণ করা হয়েছে, তা বর্তমান বাজারদরের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। আমরা ন্যায্য ক্ষতিপূরণ চাই। সরকার যদি বাজারদর অনুযায়ী অর্থমূল্য দিতে না পারে, তাহলে সমমূল্যের বিকল্প জমি প্রদান করতে হবে। 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, মুসা মোল্যা, জিয়াুর রহমান, বিল্লাল হোসেন, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, আতিয়ার রহমান, হুসাইন আলী, মিঠু রহমান, চান মিয়াসহ বিপুল সংখ্যক ক্ষতিগ্রস্ত জমির মালিক। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা।স্মারকলিপিতে বর্তমান বাজারমূল্যের ভিত্তিতে জমির ক্ষতিপূরণ পুনর্নির্ধারণের দাবি জানানো হয়।

এ সময় আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন চলাকালে “বাজারদর চাই, অবিচার নয়” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।ক্ষোভ ও প্রতিবাদের কণ্ঠে জমির মালিকরা তাদের অধিকার আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :