​ঝালকাঠি শহরে বিদ্যুতের লুকোচুরি, চরম ভোগান্তিতে নগরবাসী

আপলোড সময় : ২৯-০৬-২০২৬ , আপডেট সময় : ২৯-০৬-২০২৬

মাসুম খান, ঝালকাঠি : ঝালকাঠি শহরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এখন নগরবাসীর নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। কয়েক মিনিট পরপর বিদ্যুৎ চলে যাওয়া এবং আবার ফিরে আসার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিন-রাতজুড়ে এমন অনিয়মিত বিদ্যুৎ সরবরাহে অতিষ্ঠ হয়ে উঠেছেন শহরের বাসিন্দারা।

বিদ্যুতের এই লুকোচুরির প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম, সরকারি-বেসরকারি অফিস এবং গৃহস্থালির দৈনন্দিন কাজে। বিশেষ করে প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। রাতভর বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেকেই নির্ঘুম রাত কাটাচ্ছেন, আবার দিনের কর্মব্যস্ততাও ব্যাহত হচ্ছে।

বারবার বিদ্যুতের ওঠানামার ফলে ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার, এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আর্থিক ক্ষতির শঙ্কায় রয়েছেন অসংখ্য গ্রাহক।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ।

নগরবাসীর দাবি, বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ দ্রুত শনাক্ত করে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে ঝালকাঠি শহরে নিরবচ্ছিন্ন, স্থিতিশীল ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা। বিদ্যুতের এই দীর্ঘদিনের লুকোচুরি থেকে দ্রুত মুক্তি চান ঝালকাঠিবাসী।

ঝালকাঠি ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম মুঠোফোনে বলেন, “বর্তমানে সারাদেশে প্রায় ৩ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। এর প্রভাব ঝালকাঠিতেও পড়েছে। জেলায় দৈনিক প্রায় ১১ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও জাতীয় গ্রিড থেকে সেই পরিমাণ সরবরাহ পাওয়া যাচ্ছে না। কেন্দ্র থেকে যে পরিমাণ বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয়, আমরা সেটিই নির্ধারিত লোড ব্যবস্থাপনার মাধ্যমে সুষমভাবে বিতরণ করছি। জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক হলে ঝালকাঠির বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে এবং গ্রাহকদের ভোগান্তি কমে আসবে।”

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :