ভেনেজুয়েলায় গত সপ্তাহের ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৪৫০ ছাড়িয়েছে। এরই মধ্যে রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরের একটি শহরে ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তি ও তার কিশোর ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
৭.২ ও ৭.৫ মাত্রার পর পর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার প্রায় ৪ দিন পর স্থানীয় সময় রবিবার (২৮ জুন) কারাবালেদা নামক স্থানে ফরাসি ও মার্কিন উদ্ধারকারী দল ওই জীবিতদের সন্ধান পায়। ওই এলাকায় ভূমিকম্পের তীব্রতায় প্রায় ২০০টি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
ধ্বংসস্তূপ থেকে এখনও জীবিত মানুষ উদ্ধারে সক্ষম হওয়ায় উদ্ধারকর্মীদের প্রশংসা করেছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। রবিবার তিনি বলেন, ‘আজও আমরা জীবিত মানুষ উদ্ধার করেছি। তাই এই উদ্ধার তৎপরতা স্থগিত করা হবে না। আমরা সব সময়ই আশা ধরে রাখছি।’
চলমান এই বিপর্যয়ের মধ্যে এই উদ্ধার অভিযান কিছুটা আশার আলো দেখালেও অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। একই সঙ্গে আটকে পড়াদের জীবিত উদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমাও ইতোমধ্যে পেরিয়ে গেছে।
লাতিন আমেরিকার অন্যতম ভয়াবহ এই ভূমিকম্পের পর লাখ লাখ মানুষের স্যানিটেশন ও অন্যান্য মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকোসহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল যখন জীবিতদের উদ্ধারে মরিয়া চেষ্টা চালাচ্ছে, তখন হতাশ ও উদ্বিগ্ন স্বজনরা ধসে পড়া বহুতল ভবনের কংক্রিটের স্তূপ ও ধ্বংসাবশেষের মধ্যে খালি হাতে নিজেদের প্রিয়জনদের খুঁজে ফিরছেন।
ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ রবিবার জানান, বুধবার সন্ধ্যায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে অন্তত ৭৭৪টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, এ পর্যন্ত ১ হাজার ৪৫০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, তবে এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আরও অন্তত ৩ হাজার ১৫০ জন আহত হয়েছেন।
উদ্ধার তৎপরতা পুরোদমে চললেও দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের বন্দর নগরী লা গুয়াইরাতে লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবারের বিপর্যয়ের পর এই শহরের বেশিরভাগ অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ফার্মেসি, সুপারমার্কেটসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট চালানো হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, ভূমিকম্প-পরবর্তী সময়ে সরকারি সহায়তা খুব ধীরগতিতে এবং অপ্রতুলভাবে পৌঁছাচ্ছে।
বরিবার মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারগুলো ত্রাণসামগ্রী পরিবহন করছে। পাশাপাশি বিমানবন্দরের সক্ষমতা বাড়ানো এবং ত্রাণ কার্যক্রম জোরদারে একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর পুনরায় চালুর জন্য আরও ২৩০ জন মার্কিন সামরিক সদস্য ভেনেজুয়ায় যাচ্ছেন।