​ফেনীতে রাষ্ট্রীয় মর্যাদা 'গার্ড অব অনার' দিয়ে অ্যাডভোকেট হাফেজ আহম্মদের দাফন

আপলোড সময় : ০১-০৭-২০২৬ , আপডেট সময় : ০১-০৭-২০২৬

এম. এমরান পাটোয়ারী, ফেনী : ফেনী জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাফেজ আহাম্মদকে রাষ্ট্রীয় মর্যাদা 'গার্ড অব অনার' দিয়ে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বাদ আসর শহরের মিজান ময়দানে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এ বীর মুক্তিযোদ্ধার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মরদেহের কফিনে রাষ্ট্রীয় পতাকা অর্পণ করা হয় ও পুলিশের একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের আনুষ্ঠানিকতায় ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল কফিনকে স্যালুট জানায় ও বিউগলে করুণ সুর বাজিয়ে দেশের প্রতি তাদের অসামান্য অবদানের স্বীকৃতি প্রকাশ করা হয়। পরে কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

প্রথম জানাজা পূর্ব স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন খান নয়ন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, মরহুমের সহকর্মী আবদুল করিম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও মরহুমের ছেলে এডভোকেট মো. আরিফ। সঞ্চালনা করেন ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম. শাহজাহান সাজু।

জানাজায় ইমামতি করেন ফেনী জহিরিয়া মসজিদের খতিব মুফতি ইলিয়াস বিন নাজেম। জানাজায় বিএনপি, জামায়াত, আ.লীগসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন। 

পরে বাদ মাগরিব শহরের রামপুরে নিজ বাড়ীর সামনে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এ সময় স্মৃতিচারণ করেন ফেনী জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মেজবাহ উদ্দিন খান। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

এরআগে, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাফেজ আহম্মদ (৮০) মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে ফেনী শহরের রামপুরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :