মো. রুহুল আলম রনি, মৌলভীবাজার : ক্স সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে মৌলভীবাজারে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও পৃথক প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলার প্রতিটি কেন্দ্রেই নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষা উপলক্ষে কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কেন্দ্র সচিব ও পরিদর্শকরা। কেন্দ্রের ভেতর ও বাইরে রাখা হয়েছে বিশেষ নজরদারি। অননুমোদিত ব্যক্তিদের প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর বোর্ডের অধীনে মোট ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ২১৭ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৫২৮ জন। নিয়মিত পরীক্ষার্থী ৫২ হাজার ৫৪০ জন, আর বাকিরা অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থী।
এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৩৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৯৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত বছর ৩২২টি প্রতিষ্ঠানের ৬৯ হাজার ১৭২ জন পরীক্ষার্থী ৮৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সে হিসাবে চলতি বছর পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন এবং কেন্দ্র বেড়েছে ৮টি।
জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নকল প্রতিরোধ, প্রশ্নপত্রের নিরাপত্তা এবং পরীক্ষা পরিচালনায় কোনো ধরনের অনিয়ম যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।