কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক আরোহী নিহত, আহত ৪

আপলোড সময় : ০৪-০৭-২০২৬ , আপডেট সময় : ০৪-০৭-২০২৬
 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাসবাহী একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

​শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৪০)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন—মিজানুর রহমান, রবিউল ইসলাম, শফিউর রহমান ও সিএনজিচালক দুলু।
 

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (শনিবার) সকালে ওমেরা গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কুড়িগ্রামের দিকে আসছিল। পথে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এরশাদ আলীসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে এরশাদ আলীর মৃত্যু হয়।
 

​আহত বাকি চারজনকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। তবে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

​রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 
 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :