মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহীর মোহনপুর উপজেলার বহুল আলোচিত আব্দুর রাজ্জাক হত্যা মামলার মূলহোতাসহ এজাহারভুক্ত দুই আসামিকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব-৫, রাজশাহী এবং র্যাব-২, মোহাম্মদপুর, ঢাকা।
শনিবার (১১ জুলাই) রাতে রাজধানীর আদাবর ও শ্যামলী এলাকায় পৃথক অভিযানে র্যাবের যৌথ দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন মামলার ১ নম্বর আসামি মকবুল হোসেন এবং ২ নম্বর আসামি শাহিনুর রহমান ওরফে বুলবুল। তারা উভয়েই রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৭ জুন সন্ধ্যায় হরিহরপাড়া গ্রামে একটি আম চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে আব্দুর রাজ্জাক ও তার স্বজনদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা বাঁশের লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি মারধর করলে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহীর নওদাপাড়া ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে রাজু বাদী হয়ে মোহনপুর থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের মোহনপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।