মো: বদরুদদ্দোজা চৌধুরী, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে মোস্তাকিম নামে ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার ২ নম্বর চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মোস্তাকিম ওই গ্রামের বাসিন্দা মজিবর রহমানের একমাত্র ছেলে সন্তান। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে শোকের মাতম। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় সবার অগোচরে শিশু মোস্তাকিম পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়।
পরে দ্রুত তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।