​নওগাঁয় ৬ বছরে জব্দকৃত ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস

আপলোড সময় : ২০-০৭-২০২৬ , আপডেট সময় : ২০-০৭-২০২৬

শাহরিয়ার শাওন, নওগাঁ : নওগাঁয় দীর্ঘ ছয় বছরে বিভিন্ন অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে জেলা প্রশাসন। সোমবার (২০ জুলাই) দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের চত্বরে রোলার চালিয়ে ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ছয় বছরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দায়ের করা ১৫১টি মামলার আলামত হিসেবে এসব ফেন্সিডিল দীর্ঘ সময় ধরে আদালতের মালখানায় সংরক্ষিত ছিল। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে জনসম্মুখে এগুলো ধ্বংস করা হলো।

মাদক ধ্বংসকালে উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ধ্বংসকাজে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে জেলা ফায়ার সার্ভিসের একটি টিম।

এ বিষয়ে নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান বলেন, '১৫১টি মামলার বিপরীতে জব্দকৃত ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল আজ ধ্বংস করা হয়েছে। মাদক নির্মূলে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।'

মাদকবিরোধী এই কর্মকাণ্ডকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন এবং মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থান ভবিষ্যতে আরও জোরালো করার আহ্বান জানিয়েছেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :