​বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ কর্মী আটক

আপলোড সময় : ২২-০৭-২০২৬ , আপডেট সময় : ২২-০৭-২০২৬

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট : শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতির অভিযোগে বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ কর্মীকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাগেরহাট পৌরসভার রেলরোড মাইক্রোস্ট্যান্ড এলাকার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে আটক করে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কয়েকজন যুবক একটি ব্যানার এবং মিছিলে ব্যবহারের জন্য বাঁশ ও কাঠের লাঠি নিয়ে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়। ব্যানারে লেখা ছিল— বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রতীক্ষায় অধীর আগ্রহে সবাই, তোমরা পুনঃপ্রত্যাবর্তনের দুঃসাহসিক পথ বেয়ে আমরা গড়ব আগামীর বাংলাদেশ। সৌজন্যেঃ মোঃ আসলাম খান, মোড়েলগঞ্জ যুবলীগ।এছাড়া মিছিলে ব্যবহারের জন্য আনা কয়েকটি বাঁশ ও কাঠের লাঠিও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো— মো. শাহিন ফকির (১৮), মো. লিটন চাপরাশি (২২), মো. শামীম হোসেন (১৮), মো. রাতিন ইসলাম হৃদয় মোল্লা (১৮), মো. সিরাজ শেখ (১৮), মো. আরিফুল ইসলাম (১৮), মো. রিয়াদ শেখ (১৮), মো. নাজমুল হাসান (১৮), মাহিম হাওলাদার (১৮), আব্দুল কাইয়ুম (২১), মো. হাবিবুল্লাহ খান (১৯), অংকুন মালী (১৮), মেগনাথ মালী (১৮), নাজমুল তালুকদার ওরফে শাকিল (১৯), সাদমিন ফাহিম (১৭), রাব্বি তালুকদার (১৬) এবং হাসান হাওলাদার (৩৩)।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সামসুল আরেফিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে রেলরোড মাইক্রোস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ কর্মীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি ব্যানার এবং মিছিলে ব্যবহারের জন্য আনা বাঁশ ও কাঠের লাঠি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য কোর্টে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :