বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ , আপডেট সময় : ২৫-০৭-২০২৬


পরীক্ষায় অনিয়ম ও নিট (NEET) পরীক্ষার প্রশ্ন ফাঁসের জেরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে মাসব্যাপী উত্তাল ছিল দিল্লিসহ ভারতের প্রধান শহরগুলোর রাজপথ। এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় ধাপের বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে ধর্মেন্দ্র প্রধান নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলেও পোস্ট করেছেন তিনি।

এক্সে পোস্ট করা একটি চিঠিতে তিনি লেখেন, এটি (মন্ত্রিত্ব) তার জন্য কখনোই ‘ব্যক্তিগত মর্যাদার বিষয়’ ছিল না।

দিল্লির যন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের মূল দাবিই ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

তার পদত্যাগের দাবিতে সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে দুই দফা আলোচনার পরও মীমাংসা না হওয়ায় আন্দোলন অব্যাহত ছিল। আজ শনিবার সকালে সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল, সরকার ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করলে আর কোনো আলোচনা হবে না।

আন্দোলনকারীদের মূল দাবিগুলো ছিল—ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিটের প্রশ্ন ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া।
 

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
কাকরোচ জনতা পার্টির চলমান আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভে অংশ নিয়ে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ 
 
 

গতকাল শুক্রবার শেষ দুটি দাবির ব্যাপারে সিজেপিকে প্রতিশ্রুতি দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার, তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে তারা কোনো জবাব দেয়নি।

তবে আজ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনকারীদের উপস্থাপিত সব দাবিই মেনে নিল দেশটির কেন্দ্রীয় সরকার।

পদত্যাগের ঘোষণা দেওয়া এক্স পোস্টে ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘আমি দেশের তরুণ সমাজের আকাঙ্ক্ষা, অনুভূতি ও ন্যায্য প্রত্যাশার প্রতি শ্রদ্ধাশীল। ভারতের তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনের নৈতিক অঙ্গীকার। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক নেতৃত্বে দেশকে সেবা করার সুযোগ দেওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর পৌঁছামাত্রই যন্তর মন্তরের আন্দোলনস্থলে উদযাপনে মেতে ওঠেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সিজেপি লিখেছে, ‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক।’

যন্তর মন্তরের মঞ্চ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর জানিয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, ‘আমরা এটি করে দেখিয়েছি। তারা বলত, এই সরকারের আমলে কেউ পদত্যাগ করে না; কিন্তু আমরা তা করিয়ে দেখিয়েছি।’

গত কয়েকদিনে ভারতের বহু শহরে ছড়িয়ে পড়া এই ছাত্র আন্দোলন একটি বড় ধরনের রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। সরকারকে কোণঠাসা করতে বিরোধী দলগুলোও এই আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছিল।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :