এস.এম. হুমায়ুন কবির, কক্সবাজার ব্যুরোচীফ: পুলিশের প্রতি সমাজে বিদ্যমান নেতিবাচক ধারণা দূর করা, শিক্ষার্থীদের সচেতন করে তোলা এবং অপরাধ প্রতিরোধে সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে কক্সবাজারের বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে এক ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।
অনুষ্ঠানে পুলিশ সুপার কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধের ভয়াবহতা তুলে ধরে এসব অপরাধ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাস্তবধর্মী উদাহরণের মাধ্যমে আইন সম্পর্কে ধারণা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, “পুলিশ জনগণের বন্ধু। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজে সচেতনতা সৃষ্টি করাও পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তোমরাই আগামী দিনের বাংলাদেশ। ভালো মানুষ হওয়ার সংকল্প, সুশিক্ষা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ ধারণ করতে পারলে সমাজ থেকে অনেক অপরাধই দূর করা সম্ভব।”
তিনি আরও বলেন, “কোনো অন্যায়, হয়রানি বা অপরাধ দেখলে ভয় না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে শিক্ষার্থী, পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জীবনের লক্ষ্য নির্ধারণ বিষয়ে তাদের মতামত মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার। পরে তিনি নিজের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা এবং সফল মানুষের অনুপ্রেরণামূলক জীবনের গল্প তুলে ধরে শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে, কঠোর পরিশ্রম করতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের প্রাণবন্ত মতবিনিময় এবং সচেতনতামূলক বক্তব্য উপস্থিত সবার মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে।