তানিয়া আক্তার, মুন্সীগঞ্জ: নৌপথে অতিরিক্ত বার্দিং চার্জ, জাহাজের দৈনিক অবস্থান ও রক্ষণাবেক্ষণ ফি প্রত্যাহার, নিরাপদ নৌপথ নিশ্চিত এবং পরিবহন ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ আট দফা দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থা।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ও বাল্কহেড মালিকদের প্রায় ৫০ জন সদস্য অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরোপিত অতিরিক্ত বার্দিং চার্জ এবং জাহাজের দৈনিক অবস্থান ও রক্ষণাবেক্ষণ ফি ব্যবসায়ীদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করছে।
এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা। বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার সভাপতি মো. বোরহান মিয়া বুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংস্থার উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ নৌপরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আনিছ মাস্টার, সহ-সভাপতি মাহমুদ হোসেন এবং বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের বাল্কহেড শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন নৌপথে নিয়মিত ড্রেজিং না হওয়ায় ডুবোচরের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি চর ইজারাদারদের ইচ্ছামতো বালুর দাম বৃদ্ধি, ঘাটে ঘাটে অবৈধ টোল আদায় এবং চাঁদাবাজির কারণে নৌপরিবহন খাত মারাত্মক সংকটে পড়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।