মোছাঃ নাসরিন আক্তার সুমী, দিনাজপুর (সদর): দিনাজপুর পৌরসভার মান জনবান্ধব করাসহ সার্বিক উন্নয়ন বিষয়ে "নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়" শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই ২০২৬ বুধবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাগরিক সমাবেশে নাগরিকরা ১৫৮ বছরের প্রাচীন পৌরসভার রাস্তাঘাট সংস্কার ও রাস্তা সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করা, যানজট নিরসন, ইজিবাইক নিয়ন্ত্রন, ড্রেনেজব্যবস্থার উন্নয়ন, পৌর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রন, ময়লা-আবর্জনা যথাসময়ে পরিষ্কার পরিচ্ছন্ন করাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন ও এসব সমম্যা দ্রুত সমাধানের দাবি জানান।
প্রথমবারের মতো এমন আয়োজন করার জন্য নাগরিকরা পৌর কর্তৃপক্ষকে অভিনন্দন জানান ও বছরে কমপক্ষে একবার হলেও এ ধরনের নাগরিক সমাবেশের আয়োজন করার পরামর্শ দেন। সমাবেশে নাগরিক ও পৌরবাসীকে সচেতন হওয়ার পরামর্শও দেওয়া হয়। ক্লিন, গ্রীন পৌরসভার প্রত্যাশা ব্যক্ত করেন নাগরিকরা।
নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার দিনাজপুর এর উপ-পরিচালক শেখ হাফিজুর রহমান। নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখি, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রফিকুল আলম, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোঃ মোফজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ লুৎফর রহমান, দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ মকশেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক, জেলা জাতীয় পার্টির আহবায়ক আহমেদ শফি রুবেল, দিনাজপুর শহর জামায়াতের আমির মোঃ সিরাজুস সালেহীন ও এনসিপি জেলা কমিটির সভাপতি শামসুল মোক্তাদির।
বিভিন্ন সমস্যার ব্যাপারে নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আফরোজা বেগম, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম, দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবদলের আহবায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সাবেক কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, রায়হান আলী খান তাজ, রেহাতুল ইসলাম খোকা, কাজী আশরাফউজ্জামান বাবু, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, বিএনপি নেতা নাজিমুল হক লিটন, দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সাবেক সভাপতি আখতার আজিজ, ভোক্তা অধিকারকর্মী আইনুল হক, সাংবাদিক শাহরিয়ার হিরু, জিয়াউল করিম জুয়েল, মিজানুর রহমান সাজু, শিক্ষক মাসুদ মোস্তাফিজ, ক্যাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ।
নাগরিক সমাবেশে দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, সহকারী প্রকৌশলী, মোঃ শহিদুল ইসলাম,মীর তোফাজ্জল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ময়েজ উদ্দিন, মোঃ রিমেল আহমেদ, শহর পরিকল্পনাবিদ গৌতম কুমার রায়, প্রধান সহকারী মোঃ মজিবর রহমান বাচ্চুসহ বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।