​রেলকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

আপলোড সময় : ১০-০৮-২০২৬ , আপডেট সময় : ১০-০৮-২০২৬

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : সরকারি দায়িত্ব পালনকালে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে এ কর্মসূচি পালন করেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা।

রাজশাহী রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রায় দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এ সময় তারা সরকারি দায়িত্ব পালনে নিয়োজিত রেলকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার মোঃ  আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার (রাজস্ব) মোঃ মোস্তাফিজুর রহমান, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোঃ  আমিনুল ইসলাম, রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোঃ  জিয়াউল আহসান, সিনিয়র লোকো মাস্টার মোঃ আমিনুল ইসলাম এবং সিনিয়র টিটিই মোঃ গোলাম মোস্তফাসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৭ আগস্ট ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে কয়েকজন যাত্রী বিনা টিকিটে এসি কোচে ভ্রমণ করছিলেন। রেলওয়ের নিয়ম অনুযায়ী তাদের কাছ থেকে ন্যূনতম ভাড়া ও জরিমানা আদায় করে নন-এসি কোচে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেন।

পরে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালে ওই যাত্রীদের সঙ্গে থাকা একটি সংঘবদ্ধ দল রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন বক্তারা। এ ঘটনায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) আহসান উল্লাহ ভুঁইয়া ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এএসআই ফজলুর রহমান আহত হন।

বক্তারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবা ও সরকারি দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা হামলার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে রাজশাহী রেলভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ৭ আগস্ট সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে টিকিট ছাড়া যাত্রী ওঠাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ওই ঘটনার জেরে রাজশাহী রেলওয়ে স্টেশনে মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের আসাম কলোনি এলাকার কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সিসিএম আহসান উল্লাহ ভুঁইয়া ও আরএনবির এএসআই ফজলুর রহমানকে মারধরের অভিযোগ ওঠে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :