​ইন্তিকালে রাবির কেন্দ্রীয় মসজিদের সহকারী ইমাম হাফেজ শাহাজুল ইসলাম

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ , আপডেট সময় : ১৫-০৮-২০২৬

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম ও বিশিষ্ট ক্বারি হাফেজ মুহাম্মদ শাহাজুল ইসলাম ইন্তিকাল করেছেন। শুক্রবার (১৫ আগস্ট) ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন )।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মী, অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তিকালের সংবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, মসজিদের মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হাফেজ মুহাম্মদ শাহাজুল ইসলাম ছিলেন অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী। তাঁর হৃদয়জুড়ানো আযান ও মনোমুগ্ধকর কিরাআত দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহারের সবুজ চত্বরে ধর্মপ্রাণ মানুষের হৃদয় ছুঁয়ে আসছিল। তাঁর কণ্ঠে আযান ও পবিত্র কুরআনের তিলাওয়াত ছিল মুসল্লিদের জন্য এক অনন্য প্রশান্তির উপলক্ষ।

তিনি শুধু একজন ইমাম ও ক্বারি হিসেবেই নয়, একজন আন্তরিক শিক্ষক ও অভিভাবক হিসেবেও অনেকের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। ছোটবেলা থেকেই তাঁর সঙ্গে ঘনিষ্ঠতার স্মৃতিচারণ করে এক শিক্ষার্থী বলেন, মসজিদের বিভিন্ন প্রতিযোগিতা উপলক্ষে তৃতীয় শ্রেণি থেকেই তাঁর কাছে যাতায়াত ছিল। প্রতিযোগিতার আগে তাঁর কাছ থেকে আযান ও কিরাআতের মশক নেওয়া এবং বহুবার তাঁকে কুরআন হিফজ শুনানো হয়েছে। তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে উৎসাহ ও প্রশংসা করতেন। সেই অর্থে তিনি ছিলেন একজন উস্তায ও পথপ্রদর্শক।

হাফেজ শাহাজুল ইসলামের ইন্তিকালে তাঁর সেই হৃদয়জুড়ানো আযান ও কুরআনের সুমধুর কিরাআত আর কখনো মতিহারের সবুজ চত্বরে ধ্বনিত হবে না—এ শূন্যতা তাঁর গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাঁর স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর কাছে দোয়া করেছেন। মহান আল্লাহ তাআলা হাফেজ মুহাম্মদ শাহাজুল ইসলামকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :