রাব্বি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

আপলোড সময় : ১৬-০৮-২০২৬ , আপডেট সময় : ১৬-০৮-২০২৬

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ নগরীর ১৫ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সাবেক আহ্বায়ক রুবেল হোসেন রাব্বি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ঘটনায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। বক্তারা বলেন, প্রকাশ্যে সংঘটিত এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হত্যার প্রকৃত কারণ ও নেপথ্যের পরিকল্পনাকারীদের খুঁজে বের করার দাবি জানান তারা।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নগরীর মাসকান্দা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে ১৫ নম্বর ওয়ার্ডের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা রাব্বি হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহাবুবুর রহমান হেলাল, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন রুহুল, নিহত রুবেল হোসেন রাব্বির পরিবারের সদস্যসহ স্থানীয় এলাকাবাসী।বক্তারা বলেন, রুবেল হোসেন রাব্বিকে প্রকাশ্যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

একটি দোকানের ভেতরে ঢুকে তাকে হত্যার ঘটনায় যারা সরাসরি জড়িত, তাদের পাশাপাশি হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা ব্যক্তিদেরও তদন্তের মাধ্যমে চিহ্নিত করতে হবে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন করে পরিকল্পনাকারীসহ সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। তারা বলেন, প্রকাশ্যে একজন মানুষকে হত্যা করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে অপরাধীরা উৎসাহিত হতে পারে। তাই রাব্বি হত্যার বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি বা কালক্ষেপণ করা যাবে না।বক্তারা আরও বলেন, হত্যাকাণ্ডের পর একজন মূল আসামিকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। তবে এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

একজনকে গ্রেপ্তার করেই তদন্ত শেষ করা যাবে না। হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নিহতের পরিবারের সদস্যরা বলেন, রুবেল হোসেন রাব্বিকে হারিয়ে পরিবারটি গভীরভাবে শোকাহত। তারা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, জড়িত প্রত্যেক আসামিকে গ্রেপ্তার এবং দ্রুত বিচার দাবি করেন। হত্যার পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকলে তদন্তের মাধ্যমে তা প্রকাশ্যে এনে ফাঁসির আওতায়

আনারও আহ্বান জানান তারা। উল্লেখ্য, গত ১৩ আগস্ট দুপুরে ময়মনসিংহ নগরীর মাসকান্দা আঞ্চলিক পাসপোর্ট অফিস রোডে একটি দোকানে ঢুকে রুবেল হোসেন রাব্বিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজন আসামিকে গ্রেপ্তার করে ময়মনসিংহ র‍্যাব-১৪। রুবেল হোসেন রাব্বি ময়মনসিংহ মহানগর তাঁতী দলের সাবেক আহ্বায়ক ছিলেন বলে স্থানীয়রা জানান। তার হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।হত্যার সঙ্গে জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মানববন্ধন শেষে বক্তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, জড়িত সব আসামিকে গ্রেপ্তার এবং দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :