এ জেড আল মুজাহিদ, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছবাহী একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত দম্পতির মেয়েসহ আরও তিনজন আহত হয়েছেন।
গত বুধবার (১৯ আগষ্ট) দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পাকুন্দিয়া উপজেলার কাগারচর গ্রামের নুরু মিয়া (৬০) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৫৮)। আহতরা হলেন নিহত দম্পতির মেয়ে মারজিয়া খাতুন, এবং অপর দুই যাত্রী জাহাঙ্গীর ও মাহিম। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মারজিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাটি উল্লেখিত এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই নুরু মিয়া ও তার স্ত্রী আনোয়ারা মারা যান এবং বাকি তিনজন আহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি মরদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক মাছবাহী ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পলাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। তিনি এই দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। এছাড়া পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাওহীদ হতাহতের এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।