​কচুয়ায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আপলোড সময় : ২০-০৮-২০২৬ , আপডেট সময় : ২০-০৮-২০২৬

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট : বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের উত্তর মাধবকাঠি গ্রামে মো. আরিফ শেখের বাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগে বলা হয়েছে, ধোপাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হাওলাদারের নেতৃত্বে একদল লোক বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িঘর ভাঙচুর, জমি দখলের চেষ্টা এবং স্বর্ণালংকার ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে দুই নারীকে মারধর এবং একজনকে ধর্ষণের চেষ্টা করারও অভিযোগ রয়েছে।

হামলায় আমজাদ শেখের মেয়ে মুক্তা আক্তার ও আরিফ শেখের স্ত্রী সাথী বেগম আহত হন। আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগে হামলায় আফজাল হাওলাদার, মাহফুজ শেখ, কাদের হাওলাদার, রবিউল শেখ, রসুল শেখ, সবুজ মাঝি, সাজিদ শেখ ও হেদো হাওলাদার জড়িত ছিলেন।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তাদের অভিযোগ দিতে বলা হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :