​সন্তানকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল কলেজ কর্মচারীর, আহত সন্তান

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ , আপডেট সময় : ০৩-০৯-২০২৬

ফেরদৌস জুয়েল, গাইবান্ধা : সন্তানকে মোটরসাইকেলে নিয়ে স্কুলে পৌঁছে দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাবা। কাদা-পানিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-গামী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার শারীরিক প্রতিবন্ধী শিশুসন্তান গুরুতর আহত হয়েছে।

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পশ্চিমপাড়া মার্কাস মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​নিহত গোলাম রব্বানী (৩৩) সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার ৪ নম্বর সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মোঃ জিন্নাহ মিয়ার ছেলে।

​স্থানীয় সূত্র জানায়, সকালে সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন গোলাম রব্বানী। পথে পশ্চিমপাড়া মার্কাস মসজিদ এলাকায় ঢাকা মেট্রো-ব-১২-১৯৩২ নম্বরের দূরপাল্লার ‘ফাতেমা কোচ’ অতিক্রম করার সময় রাস্তার পাশের কাদা-পানিতে মোটরসাইকেলটি পিছলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সাথে সজোরে ধাক্কা লাগলে বাসের চাপায় গোলাম রব্বানীর মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুটি আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ​দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধারের পাশাপাশি বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবু তালেব জানান, নিহতের মরদেহের সুরতহাল ও আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া শেষ করা হচ্ছে। জব্দকৃত বাসের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :