মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা। এতে প্রধান অতিথি ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
কর্মসূচির শুরুতে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। পরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে ডিআইজি বলেন, মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই গাছের অবদান রয়েছে। খাদ্য, বিশুদ্ধ অক্সিজেন, ছায়া ও কাঠসহ মানুষের নানা প্রয়োজন পূরণে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু মানুষ নয়, অসংখ্য প্রাণীর জীবনও গাছের ওপর নির্ভরশীল। তিনি বলেন, “বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব।”
পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি লাগানো গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দীক, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিস টু ডিআইজি) মোঃ পারভেজ আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন।আয়োজকরা জানান, বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা এবং নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।