দ্রুত বিচারের জন্য প্রয়োজনে সামারি ট্রায়াল করতে হবে : আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান

আপলোড সময় : ১৩-০৯-২০২৬ , আপডেট সময় : ১৩-০৯-২০২৬
 
সাতক্ষীরা প্রতিনিধি: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, 'বিচার প্রার্থীদের দ্রুত বিচার প্রাপ্তিতে মামলা নিষ্পত্তির হার বাড়াতে হবে। প্রয়োজনে দ্রুত বিচারের জন্য সামারি ট্রায়াল করতে হবে।'
রবিবার(১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী আরো বলেন, 'আমরা এখানকার বিচার বিভাগের স্থানীয় সমস্যা শুনেছি, এসব সমস্যা সমাধানের পথ কি তার সুপারিশ শুনেছি, এ থেকে উত্তরণের পথ কি সে সিদ্ধান্ত নেব।'
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আইন মন্ত্রী বিচারকদের কর্মঘন্টাকে সঠিকভাবে কাজে লাগানোর আহবান জানিয়ে আরো বলেন, 'লিগ্যাল এইডকে জনবান্ধব করতে হবে। মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে মামলা জট কমাতে হবে।'
স্থানীয় বিচারকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হবে। প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দ করা হবে। সাতক্ষীরায় নতুন যে ২৩টি কোর্ট সৃজন করা হয়েছে অতি দ্রুত সেখানে বিচারক এবং স্টাফ নিয়োগ দেয়া হবে।
 
পরে মন্ত্রী সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আরেকটি মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সেখানে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ, সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী সমাজ উপস্থিত থেকে জেলার সার্বিক সমস্যা তুলে ধরেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :