রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশ: গোধূলী মার্কেটের বরাদ্দ বাতিল, ১ কোটি ৩৬ লাখ টাকা বকেয়া না দিলে ৭ দিনের মধ্যে সিলগালা ও উচ্ছেদ

আপলোড সময় : ১৮-০৯-২০২৬ , আপডেট সময় : ১৮-০৯-২০২৬
 
মোস্তাফিজুর রহমান লিটন সিনিয়র জেলা প্রতিনিধি , রাজশাহী

 রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) মালিকানাধীন গোধূলী মার্কেটের দোকান ও স্পেসের চুক্তিপত্র ও বরাদ্দ চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। একই সাথে অবৈধ দখল উচ্ছেদ, স্পেস সিলগালা এবং ১ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ৩১ টাকা বকেয়া রাজস্ব আদায়ের লক্ষ্যে চূড়ান্ত নোটিশ জারি করেছে কর্তৃপক্ষ। আগামী ৭ কার্যদিবসের মধ্যে দখলীকৃত স্পেস খালি না করলে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে আরডিএ সূত্রে জানানো হয়েছে।
আরডিএ সূত্রে জানা যায়, গোধূলী মার্কেটের ২য় তলার বরাদ্দকৃত ৬৬১২.১৫ বর্গফুট স্পেসের বকেয়া ভাড়া বাবদ ২৬ লাখ ১৯ হাজার ২৫ টাকা, অননুমোদিতভাবে প্যাসেজ ও বারান্দার ৫৭৬৯.২৫ বর্গফুট স্পেস ব্যবহারের ক্ষতিপূরণ বা জরিমানা বাবদ ৬০ লাখ ৭ হাজার ৮৪২ টাকা এবং ৪র্থ তলার ৯১১৪.৬৪ বর্গফুট স্পেসের অনুমোদনহীন ব্যবহারের ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ ১২ হাজার ১৬৪ টাকা—সর্বমোট ১ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ৩১ টাকা রাজস্ব বকেয়া রয়েছে।
এ বিষয়ে গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেওয়া কারণ দর্শানো নোটিশের জবাবে বরাদ্দগ্রহীতা মোঃ শফিকুল আওয়াল খান  গত ৯ সেপ্টেম্বর একটি ব্যাখ্যা দাখিল করেন। তবে আরডিএ নথিপত্র ও চুক্তিপত্রের শর্তাবলী পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে দেখেছে যে, দাখিলকৃত জবাবটি সম্পূর্ণ ভিত্তিহীন, অযৌক্তিক, বিভ্রান্তিকর এবং রেকর্ডপত্রের পরিপন্থী। দীর্ঘদিনের জমাকৃত ভাড়া পরিশোধ না করা, যাতায়াতের সাধারণ প্যাসেজ দখল এবং ৪র্থ তলার বাণিজ্যিক স্পেস অনুমোদন ছাড়া ব্যক্তিগত আবাসিক বাসাবাড়ি ও গোডাউন হিসেবে ব্যবহারের সুস্পষ্ট কোনো সন্তোষজনক ব্যাখ্যা তিনি দিতে পারেননি।
চুক্তিপত্রের শর্তাবলী ভঙ্গের কারণে ২০০৯ সালের ৮ জুলাই ও ২০১২ সালের ২৩ জানুয়ারি সম্পাদিত সকল চুক্তি ও সংশ্লিষ্ট বরাদ্দপত্র বাতিল ঘোষণা করেছে আরডিএ। আগামী ৭ দিনের মধ্যে মার্কেটের ২য় ও ৪র্থ তলায় থাকা সব মালামাল স্ব-উদ্যোগে সরিয়ে নিয়ে আরডিএ-র অনুকূলে স্পেস বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে স্পেস খালি না করলে এবং বকেয়া পরিশোধে ব্যর্থ হলে 'দ্য গভর্মেন্ট ল্যান্ড অ্যান্ড বিল্ডিংস (রিকভারি অব পজেশন) অর্ডিন্যান্স, ১৯৭০' অনুযায়ী অতিরিক্ত কোনো নোটিশ ছাড়াই মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়ে স্পেস সিলগালা করা হবে। এতে কোনো মালামালের ক্ষতি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। পাশাপাশি সরকারি পাওনা আদায়ে আইনানুগ সার্টিফিকেট মামলা দায়েরের প্রস্তুতিও গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :