​জরাজীর্ণ রাস্তা ও খেলার মাঠ না থাকায় অস্তিত্ব সংকটে নেহালপুর প্রাথমিক বিদ্যালয়

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ , আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৪:৫১:০৫ অপরাহ্ন

মো: খলিলুর রহমান, ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার ৪ নং কেওড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যাতায়াতের রাস্তা জরাজীর্ণ ও খেলার মাঠ না থাকায় অস্তিত্ব সংকটে পড়েছে। দিন দিন কমছে শিক্ষার্থী সংখ্যা।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ে যাতায়াতের জন্য একটি রাস্তা থাকলেও তা অত্যন্ত জরাজীর্ণ। পুকুরের পাড় ঘেঁষা রাস্তাটির বিভিন্ন অংশ ভেঙে পুকুরের ভিতরে চলে যাচ্ছে ।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ফাহিয়া আক্তার শ্রাবণী বলেন, "আমরা বিদ্যালয়ে আসার সময় রাস্তায় পিছলা খেয়ে পড়ে যাই এবং মাঠ না থাকার কারণে বিদ্যালয়ের বারান্দায় খেলি। আমরা রাস্তা চাই এবং মাঠ চাই।"

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার বলেন, "বিদ্যালয়ের অনেক জায়গাই পুকুরের ভিতর পড়ে গেছে। চলাচলের একমাত্র রাস্তাটি যদি পাইলিং দিয়ে ঢালাই বা কার্পেটিং করে দেওয়া হতো, তাহলে বাচ্চাদের চলাচলের সমস্যা হতো না। পুকুরের ভিতরে বিদ্যালয়ের যে অংশটুকু জমি আছে, তা ভরাট করা গেলে মাঠের সমস্যারও সমাধান হতো। এ ব্যাপারে একাধিকবার যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো আশ্বাস পাইনি।"

এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে মো: গিয়াস তালুকদার এবং ফারুক তালুকদার বলেন, "বিদ্যালয়ের প্রায় তিন কাঠা জমি পুকুরের মধ্যে চলে গেছে এবং প্রতি বছর বর্ষার সময় ভেঙে বিদ্যালয়ের জমি ছোট হয়ে যাচ্ছে। এটা অতি দ্রুত যদি পুকুর ভরাট না করা হয়, তাহলে যে টুকু রাস্তা চলাচলের জন্য আছে, তা-ও ভবিষ্যতে থাকবে না। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।"

স্থানীয় অভিভাবকদের দাবি, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত রাস্তা সংস্কার ও পুকুর ভরাট করে খেলার মাঠ তৈরির ব্যবস্থা করা হোক।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :