গাজীপুরে ডাক্তার শফিকুর রহমান এমপি

​কোনো দলীয় দাবি নিয়ে আমরা রাস্তায় নামিনি, আমরা কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ , আপডেট সময় : ১৯-০৯-২০২৬

আব্দুল মালেক মিয়া, ব্যুরো চীফ, গাজীপুর : জামাতের আমির বলেছেন, জনগণের ভোটাধিকার ও জনগণের রায় প্রতিষ্ঠা করতে হবে।কোনো দলীয় দাবি নিয়ে আমরা রাস্তায় নামিনি, আমরা কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’ জনগণের ভোটাধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। জনগণের রায় ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। ‘আপনারা আমাদের সঙ্গে থাকবেন? ইনশাআল্লাহ দাবি আদায় করে আমরা ঘরে ফিরব।’ 

‘জনগণের জন্য আজ আমরা ৮ দফা দাবিতে রাস্তায় নেমেছি। জনগণের এই ৮ দফা যেকোনো সময় ১ দফায় পরিণত হতে পারে’-এমন বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, জাতীয় সংসদের বিরোধীদলীয় ও ১১ দলীয় জোটের নেতা ডা. শফিকুর রহমান। 

শনিবার (১৯ সেপ্টেম্বর)সকালে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাসে ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চের পথসভা বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর জামায়াতের সেক্রেটারি এ এস এম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, শিল্পের চাকা সচল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পানির সংকট দূর করা, রাস্তাঘাট, হাটবাজার, ক্যাম্পাস ও বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ, দুর্নীতিমুক্ত দেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে তাদের লংমার্চ।

তিনি সরকারের উদ্দেশে বলেন, জনগণের জন্যই তারা এই কর্মসূচিতে নেমেছেন এবং জনগণের দাবিকে গুরুত্ব দিতে হবে। এর আগে শনিবার সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে ১১ দলীয় জোটের লংমার্চ শুরু হয়।

গাজীপুরের ভোগড়া বাইপাসে ছিল লংমার্চের প্রথম পথসভা। তবে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতির কারণে নির্ধারিত পথসভা একপর্যায়ে বিশাল জনসভায় রূপ নেয়।

লংমার্চের নেতৃবৃন্দ সমাবেশস্থলে পৌঁছালে তাকবির ধ্বনিতে মুখর হয়ে ওঠে ভোগড়া বাইপাস। সকাল সাড়ে ৯টার দিকে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছালে নেতাকর্মীরা তাদের তাকবির ধ্বনিতে বরণ করে নেন। পরে মিছিল ও স্লোগানে সমাবেশস্থলের চারপাশের পরিবেশ মুখর হয়ে ওঠে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক তাঁর বক্তব্যে বলেন, ১১ দল গণদাবি আদায়ের জন্য রাজপথে নেমেছে। তিনি বলেন, গণভোটের গণরায় কার্যকর করা, তিস্তা ইস্যুতে কার্যকর উদ্যোগ এবং বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারসহ জনগণের অধিকার আদায়ের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। তাঁর বক্তব্যে উত্তরাঞ্চলের মানুষের অধিকার ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়টি গুরুত্ব পায়।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমও বক্তব্য রাখেন। তিনি দেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় ব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে লংমার্চের কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দাবির প্রতি সমর্থন জানান।

জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাশেম কাশেমী, গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মোঃ শফিউদ্দিন, গাজীপুর সিটি কর্পোরেশনের জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, মহানগর জামায়াতের নায়েবে আমির মোঃ খায়রুল হাসান, মোঃ হোসেন আলী, মহানগর কর্মপরিষদ সদস্য নেয়াম উল্লাহ শাকের, মাওলানা এখলাছ উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, আবু সিনা নুরুল ইসলাম মামুন, এ এইচ এম ইরফানুল হক, টঙ্গী পূর্ব থানা আমির মোঃ নজরুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

১১ দলীয় জোটের ঘোষিত দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনে দলীয়করণ বন্ধসহ বিভিন্ন দাবি।
গাজীপুরের ভোগড়া বাইপাসে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে পথসভা শেষ করে লংমার্চের গাড়িবহর রংপুরের দিকে এগিয়ে যায়। পথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় কর্মসূচি শেষে রংপুরে সমাপনী কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :