​এমপি আফজাল হোসেনের ছেলে শোভনের নেতৃত্বে কুষ্টিয়ায় সাংবাদিক উল্লাসের ওপর হামলা

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ , আপডেট সময় : ১৯-০৯-২০২৬

আমিন হাসান, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়ায় রাস্তা নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি এম এ উল্লাসের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুন্ডুপাড়ায় রাস্তা নির্মাণকাজ চলাকালে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের অভিযোগ ওঠে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে ঘটনাস্থলে যান সাংবাদিক এম এ উল্লাস। এ সময় তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
অভিযোগ উঠেছে, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি সাংবাদিক উল্লাসের ওপর হামলা চালান। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়।

ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা বলছেন, সংবাদ সংগ্রহের সময় একজন গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় সাংবাদিক উল্লাসের ওপর হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীরা।
তবে হামলার অভিযোগের বিষয়ে এমপি আফজাল হোসেনের ছেলে শোভন ও সংশ্লিষ্ট অন্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও হামলায় কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এ বিষয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং সে যেই হোক না কেন হামলাকারীদের সঠিক তদন্ত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মুকুলসহ সর্বস্তরের সাংবাদিক মহল তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :