গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ , আপডেট সময় : ১৯-০৯-২০২৬

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী ব্যুরো : রাজশাহীর গ্রিন, ক্লিন ও হেলদি সিটির গৌরব ধরে রাখার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা) এর সহযোগিতায় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে আরএমপি, আরডিএ এবং রাজশাহী সাংবাদিকবৃন্দ।

ভূমিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় শহরকে আরও সবুজ করতে হবে। রাজশাহীকে সবুজায়িত করতে প্রায় দুই-তিন যুগ ধরে ধারাবাহিক চেষ্টা চালানো হয়েছে। এর সাফল্যের মূল কৃতিত্ব রাজশাহী জেলা ও মহানগরের সর্বস্তরের জনগণের।

তিনি বলেন, আমার মেয়র পদে দায়িত্ব পালনকালে বিগত ১৭ বছরে সারাদেশে ১৪ বার প্রথম স্থান অর্জন করে রাজশাহী মহানগরী। এর ফলশ্রুতিতেই রাজশাহী আজ দেশে-বিদেশে গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষায়ও এ শহর সুদৃঢ় অবস্থানে রয়েছে।

বৃক্ষের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে পৃথিবীতে প্রাণ টিকিয়ে রাখে। বৃক্ষ না থাকলে প্রাণের অস্তিত্ব থাকতো না। তাই পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ প্রত্যেকের পবিত্র দায়িত্ব।

এ সময় নগরীর সবুজায়নে আবাসন খাত, আরএমপি ও আরডিএ'র ভূমিকার প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর সরকারি কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। 'করবো কাজ গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ' এই স্লোগানে দেশকে এগিয়ে নিতে হবে।

রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, আরডিএ'র চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :