এরশাদ চৌধুরী, বান্দরবান : জেলার ৪৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৪৪টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। পাশাপাশি সহকারী শিক্ষকের ২ হাজার ৩৯টি পদের মধ্যে ৬১টি পদও শূন্য রয়েছে। এতে বিদ্যালয়গুলোর নিয়মিত পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বান্দরবান সদর উপজেলার ৭৬টি বিদ্যালয়ের মধ্যে ১১টিতে, রুমার ৬৮টির মধ্যে ৫৪টিতে, রোয়াংছড়ির ৬২টির মধ্যে ৪১টিতে, থানচির ৩৮টির মধ্যে ৩২টিতে, লামার ৮৫টির মধ্যে ৩৫টিতে, নাইক্ষ্যংছড়ির ৫৬টির মধ্যে ৩৩টিতে এবং আলীকদমের ৫০টি বিদ্যালয়ের মধ্যে ৩৮টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।
এর মধ্যে রুমা উপজেলায় প্রধান শিক্ষকসংকট সবচেয়ে বেশি। উপজেলার ৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৪টিতেই প্রধান শিক্ষক নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দুর্গম পাহাড়ি এলাকার বিদ্যালয়গুলোতে এ সংকট আরও প্রকট।
দীর্ঘদিন প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্বে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে তাদের একদিকে প্রশাসনিক ও দাফতরিক কাজ সামলাতে হচ্ছে, অন্যদিকে শ্রেণিকক্ষেও পাঠদান করতে হচ্ছে। এতে তাদের পাঠদানের সময় কমে যাচ্ছে এবং অন্য শিক্ষকদের ওপর অতিরিক্ত ক্লাসের চাপ তৈরি হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৯৮৬ সালে বান্দরবানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল ২১৯টি। এরপর প্রায় ৪০ বছরে আরও ২১৬টি বিদ্যালয় জাতীয়করণ করা হলেও সে অনুযায়ী শিক্ষক ও কর্মচারীর সংখ্যা বাড়েনি। বিশেষ করে দুর্গম ও পাহাড়ি এলাকার বিদ্যালয়গুলোতে এর প্রভাব পড়েছে।