​রাজশাহীতে ‘রান ফর সিল্ক সিটি’

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ , আপডেট সময় : ২৬-০৯-২০২৬

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। ঐতিহ্যবাহী রেশম শিল্পের জন্য পরিচিত রাজশাহীকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বিশ্বমঞ্চে ‘সিল্ক সিটি’ হিসেবে নগরীর পরিচিতি আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন জাতীয় পতাকা উত্তোলন ও ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন। সিল্ক সিটি রানার্স কমিউনিটি এ ম্যারাথনের আয়োজন করে।

ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদরা বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে যাত্রা শুরু করে ভদ্রা মোড়, তালাইমারি ও সাহেব বাজার হয়ে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের সামনে গিয়ে দৌড় শেষ করেন। পরে সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে মেডেল বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ  মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, সিল্ক সিটি রানার্স কমিউনিটির প্রধান উপদেষ্টা মোঃ  মাহফুজুল হাসনাইন হিকোল, এনসিসি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক ওমর শরীফ, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল নাঈম আব্দুল্লাহ এবং সিল্ক সিটি রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মোঃ  জাহিদুল ইসলাম সানি। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা মোসা: রিক্তা পারভিন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী শুধু শিক্ষানগরী নয়, ঐতিহ্যবাহী রেশম শিল্পের জন্যও পরিচিত। ‘সিল্ক সিটি’ হিসেবে রাজশাহীর ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, রাজশাহীর রেশম ঐতিহ্য পুনরুদ্ধার ও নগরীর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে রাজশাহী আরও আধুনিক, সুন্দর ও সমৃদ্ধ নগরীতে পরিণত হবে। একই সঙ্গে নগরীকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

রাসিক প্রশাসক বলেন, খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি রাজশাহীর ঐতিহ্য ও সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরতে হবে। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আয়োজকরা জানান, রাজশাহীতে এবারই প্রথম এত বড় পরিসরে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১ হাজার ২০০ জন রানার এতে অংশ নেন। নারী-পুরুষের পাশাপাশি শিশু, কিশোর ও বয়স্কদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজকদের ভাষ্য, রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্প ও ‘সিল্ক সিটি’ পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা সৃষ্টি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহ দেওয়া এবং দৌড়ের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :