কামরুজ্জামান শিমুল, বাগেরহাট : বাগেরহাটের রামপালের রাজনগর ইউনিয়ন বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় স্থানীয় সন্ত্রাসী বোমারু মিজানকে আটকের দাবী জানান তারা। শনিবার বিকেলে উপজেলার কালেখারবেড় এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করে স্থানীয় গণ্যমান্য এবং ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিগত দিনে দীর্ঘ বছর ধরে তিনি রাজনগর ইউপি সদস্য নির্বাচিত হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাফর ইকবাল ওই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বলে জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জনপ্রিয় বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে "খুলনা প্রতিদিন" নামক একটি পত্রিকা মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করেছে জাফর ইকবাল একজন খুনি এবং সে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজ ছিনতাইকারী মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীদের নিয়ে গড়ে তুলেছেন বিপদজনক বাহিনী। কোন প্রকার তদন্ত ছাড়া অসৎ উদ্দেশ্যে এমন মিথ্যা সংবাদ পরিবেশন এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা।
তারা বক্তব্যে আরও বলেন, স্বৈরাচারী সরকারের সাবেক এমপি শেখ তন্ময়ের একান্ত সহযোগী স্থানীয় বোমারু মিজান ও তার ছেলে খুলনা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম তুফান এলাকায় প্রকাশ্যে স্বৈরাচারী আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে। শেখ হাসিনা দেশে আসছে সামনে সবাইকে দেখিয়ে দেওয়া হবে বলে হুমকি প্রদান করছে। তারা এতটাই ক্ষমতাশালী যে বিগত আওয়ামী সরকারের আমলে প্রকাশ্যে রামপাল উপজেলা চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করলেও তাদের বিরুদ্ধে মামলা করতে সাহস পায়নি কেউ। আওয়ামী সরকারের আমলেই তাদের বিরুদ্ধে কয়েকবার সংবাদ সম্মেলন হয়েছে কিন্তু অজ্ঞাত কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন। বর্তমানে জাফর ইকবালের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ও ভীতসন্ত্রস্ত হয়ে তার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করেছে বোমারু মিজান ও তার ছেলেরা।
তারা বারবার হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করেছে, তাদের ভয় ভীতি প্রদর্শন করছে। প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে হুমকি দিতেছে। মৎস্য খামারের বাসায় ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের নিয়ে মিটিং করছে। আগেও দু'বার জাফর ইকবালের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে। তারা স্থানীয় আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। অনতিবিলম্বে বোমারু মিজান ও তার ছেলে তরিকুল ইসলাম তুফান এবং ইমরান শেখকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
রাজনগর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইজারাদার, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন মোল্লা, বিএনপি নেতা সেকেন্দার ইজারাদার, পার্থ মন্ডল, সজল মন্ডল, কাশেম সরদার, অমিত রায়, শ্যামল মন্ডল, রুপ কুমার মন্ডল, উজ্জল শেখ, সালাম শেখ, এসকেন হালদার, উজ্জ্বল অধিকারী, জাহিদুর রহমান, রফিক শেখ, ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদিকা শাহিনা বেগম, মহিলা নেত্রী কঙ্কাবতী গাইন, লাভলী বেগম, জয়ন্তী অধিকারীসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও রাজনগর ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দারা মানববন্ধনে অংশগ্রহণ করেন।