দেশের অন্যতম জনপ্রিয় শপিং ও লাইফস্টাইল গন্তব্য বসুন্ধরা সিটি শপিং মলের পথচলা ২২ বছরে পা রেখেছে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শপিং মলের লেভেল-১ অ্যাট্রিয়াম দিনভর মুখর ছিল নানা আয়োজন, ফ্যাশন শো, তারকাদের নিয়ে সাজানো ফ্ল্যাশমব ও সাংস্কৃতিক পরিবেশনায়। দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা আয়োজনে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
বসুন্ধরা সিটি শপিং মলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সূচনা হয় গতকাল দুপুর ২টায়। এ উপলক্ষে সাজানো হয় দিনব্যাপী বিভিন্ন বিনোদনমূলক কর্মসূচি, যার মধ্যে ছিল আকর্ষণীয় ফ্যাশন শো, সেলিব্রিটি ফ্ল্যাশমব ও শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা।
অনুষ্ঠান উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.)। বসুন্ধরা সিটির ২২ বছরের পথচলায় পাশে থাকার জন্য তিনি ক্রেতা, ব্র্যান্ড পার্টনার, ব্যবসায়িক সহযোগী, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গোড়া থেকেই লক্ষ্য ছিল বসুন্ধরা সিটিকে এমন এক আধুনিক শপিং ও লাইফস্টাইল গন্তব্য হিসেবে গড়ে তোলা, যেখানে কেনাকাটার পাশাপাশি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানো যাবে।
ক্যাপ্টেন শেখ এহসান রেজা আরও বলেন, বিগত ২২ বছরে ক্রেতাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাকে পুঁজি করেই বসুন্ধরা সিটি একটি বিশেষ সামাজিক অবস্থান গড়ে তুলতে পেরেছে। সামনের দিনগুলোতে আরও আধুনিক সেবা, নতুন ব্র্যান্ড, উন্নত সুযোগ-সুবিধা এবং আকর্ষণীয় আয়োজনের মধ্য দিয়ে ক্রেতাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে বাড়তি আকর্ষণ হিসেবে ছিল সেলিব্রিটি ফ্ল্যাশমব ও ফ্যাশন ফেস্ট। জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, তমা মির্জা ও জিয়াউল রোশানের অংশগ্রহণে আয়োজিত বিশেষ ফ্ল্যাশমব দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়ায়। এর সঙ্গে আলিফা ডান্স টিমের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দেয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ডের অংশগ্রহণে আয়োজন করা হয় সব মিলিয়ে ১০টি ফ্যাশন শো। এসব আয়োজনে অংশ নেয় ক্লাবহাউস, ফ্রিল্যান্ড, ক্যাপশন, ইনফিনিটি, দুবাই বোরকা, শিশু পরিবহন, স্টানিং বাই শাহাদ, জোইস, আর্টফিট, ইরানি বোরকা ও সি স্কাইসহ বিভিন্ন ব্র্যান্ড।
দীর্ঘ ২২ বছরের এ যাত্রায় ধারাবাহিক সহযোগিতার জন্য ক্রেতা, ব্র্যান্ড পার্টনার, ব্যবসায়িক সহযোগী, শিল্পী, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের দর্শনার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও বিশেষ এ আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে ছিল রেইজ বাংলাদেশ এবং পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে ছিল ইকিউব। তাদের সহযোগিতায় পুরো আয়োজন হয়ে ওঠে আরও বর্ণিল ও প্রাণবন্ত।