​পরিকল্পিত নগর গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ : ময়মনসিংহে বিশ্ব বসতি দিবসের আলোচনায় এমপি আবু ওয়াহাব

আপলোড সময় : ০৫-১০-২০২৬ , আপডেট সময় : ০৫-১০-২০২৬

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: এক সংস্থা রাস্তা কাটছে, কাজ শেষ হওয়ার পর একই সড়ক আবার কাটছে অন্য সংস্থা-উন্নয়নের নামে এমন সমন্বয়হীনতা ও জনদুর্ভোগ আর নয়। ময়মনসিংহকে পরিকল্পিত, সুন্দর ও দীর্ঘস্থায়ী বসবাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

তিনি বলেন, বিচ্ছিন্ন উন্নয়ন নয়, সমন্বিত পরিকল্পনার মাধ্যমেই ময়মনসিংহকে নতুন করে সাজাতে হবে। আগামী প্রজন্মের জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য শহর গড়ে তোলাই এখন প্রধান লক্ষ্য।

সোমবার (৫ অক্টোবর) সকালে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের পূর্ত ভবন প্রাঙ্গণে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আবু ওয়াহাব আকন্দ বলেন, গত ১৭ বছরে ময়মনসিংহে পরিকল্পিত নগরায়ণে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এখন নতুন পরিকল্পনা নিয়ে এগোতে হবে। আবাসিক এলাকা থেকে শুরু করে পুরো নগর পরিকল্পনায় শৃঙ্খলা, নির্দিষ্ট কাঠামো ও সৌন্দর্যবোধ নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, সিটি করপোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষকে সমন্বয় করে কাজ করতে হবে। একই এলাকায় বারবার রাস্তা কাটার কারণে মানুষের দুর্ভোগ বাড়ে। তাই প্রকল্প গ্রহণের আগেই সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে উন্নয়নকাজ বাস্তবায়ন করতে হবে।

ময়মনসিংহকে ‘শিক্ষানগরী’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ চলছে। আনন্দমোহন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি অভিভাবক ও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে সামাজিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে সংসদ সদস্য বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর করে এসব অপরাধ ঠেকানো সম্ভব নয়। পরিবার, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের একযোগে এগিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধ উদ্যোগেই ময়মনসিংহকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা সম্ভব। 

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, সবার সহযোগিতায় ময়মনসিংহকে পরিকল্পিত, সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা হবে। সংশ্লিষ্ট প্রশাসন ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেই উন্নয়ন কাজ চলছে।

তিনি জানান, সিটি করপোরেশনের বাইরের এলাকা এবং ব্রহ্মপুত্র নদের ওপারে পরিকল্পিত আবাসিক ও উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের বাড়ি নির্মাণ সহজ করতে জি+৫ পর্যন্ত ভবনের অনুমোদন সহজ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

নগরীর খাল পুনঃখনন, বহুতল ভবনে ফায়ার এক্সিট ও লিফটের নিরাপত্তা নিশ্চিত করাসহ ভবন নির্মাণে নিরাপত্তাবিধি কঠোরভাবে মানার কথাও জানান তিনি।

মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘একা ভালো থাকব না, আমরা সবাইকে নিয়ে ভালো থাকব’—এই লক্ষ্যেই পরিকল্পিত ও পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা হবে।

ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান। 
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বেলুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড় হয়ে গণপূর্ত কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :