এশিয়ান গেমসের মিশন শেষ করে জাপান থেকে আজ দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল।
প্রথমবার এশিয়ান গেমসে খেলতে নেমে ইতিহাস গড়েছে নারী হকি দল; ১২ দলের মধ্যে নবম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে তারা।
গ্রুপ পর্বে চীনের কাছে ১৩-০, মালয়েশিয়ার কাছে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারের পর কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বাংলাদেশ।
এরপর চাইনিজ তাইপের কাছে ৩-২ ব্যবধানে হেরে যায় দলটি। নবম স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে নির্ধারিত সময়ে ১-১ ড্রয়ের পর শুটআউটে ২-১ গোলে জেতে বাংলাদেশ।
অন্যদিকে পুরুষ দল টুর্নামেন্ট শেষ করেছে সপ্তম স্থানে। দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ ও জাপানের কাছে ৬-১ গোলে হারের পর শ্রীলঙ্কাকে ৫-১ এবং ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারায় তারা; তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে হেরে যায় ১০-০ গোলে।
শেষ পর্যন্ত সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়েই আসর শেষ করে বাংলাদেশ।