গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজাকে প্রিজনভ্যান থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার দুই পুলিশ সদস্যসহ তিন আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রিমান্ড মঞ্জুর করেন গাজীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক জুবায়ের রশিদ।
গ্রেফতার আসামিরা হলেন— পিচ্চি রাজার বোন তাসলিমা, স্কটপার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার ও প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী।
এর আগে সোমবার (৫ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এবং গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার আদালতে হাজিরা ও শুনানির জন্য নেওয়া হয়। কার্যক্রম শেষে রাতে কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে পালিয়ে যান পিচ্চি রাজা। মামলায় বলা হয়, রাত সাড়ে ৮টার দিকে প্রিজনভ্যানটি গাজীপুরের বাইমাইল এলাকায় পৌঁছালে সঙ্গে থাকা এসআই প্রদীপ কুমার তাঁকে টয়লেট করানোর জন্য গাড়ি থেকে নামান; সেই সুযোগে দৌড়ে পালিয়ে যান তিনি। পরে বাকি ২৯ আসামিকে কারাগারে পাঠানো হয়।
ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজনভ্যানের সঙ্গে থাকা এসআই প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন ও চালক নায়েক কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয় এবং ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।