একের পর এক ম্যাচ খেলছে স্পেন, কিন্তু পরাজয়ের স্বাদ যেন তাদের আর মনেই নেই। টানা ৪৩ ম্যাচ অপরাজিত থেকে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে ইউরো ও বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে দুর্দান্ত ছন্দটা ধরে রেখেছে স্পেন। প্রতিপক্ষের মাঠে শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে বদলি নামা মিকেল মেরিনো জোড়া গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
এই জয়ের পর নেশন্স লিগের ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে চার ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে স্পেন। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইংল্যান্ড, যারা একই সময়ে চেকিয়াকে ৩-০ গোলে হারিয়েছে। ক্রোয়েশিয়ার পয়েন্ট ৩, আর চার ম্যাচের সবগুলোতেই হেরেছে চেকিয়া।
নিজেদের মাঠে দারুণ শুরু করেছিল ক্রোয়েশিয়া। আগের ম্যাচেই ইংল্যান্ডের কাছে সাত গোল খাওয়া দলটি এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তার পুরস্কারও মেলে ১৭তম মিনিটে।
স্পেনের গোলরক্ষক উনাই সিমন কোনোরকমে ইগর মাতানোভিচের শট ফিরিয়ে দিয়েছিলেন। তবে ফিরতি বলে হেড করে তা জালে পাঠান অভিজ্ঞ ইভান পেরিসিচ। ১৬২ ম্যাচে জাতীয় দলের হয়ে এটি তাঁর ৪০তম গোল।
গোল হজম করার পর বল বেশির ভাগ সময় স্পেনের পায়েই ছিল, কিন্তু প্রথমার্ধে তাদের আক্রমণে ধার তেমন দেখা যায়নি। প্রথম ৪৫ মিনিটে তারা শট নিয়েছে পাঁচটি, যার মাত্র একটি ছিল লক্ষ্যে।
বিরতির পর শুরুতেই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু দানি ওলমোর শট লক্ষ্যে থাকেনি। অবশেষে ৬১তম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় সফরকারীরা।
ডি-বক্সের ভেতর ওলমোর বাড়ানো পাস থেকে নিখুঁত প্লেসিং শটে বল জালে জড়ান মেরিনো। চেকিয়ার বিপক্ষে আগের ম্যাচেও বদলি হিসেবে নেমে গোল পেয়েছিলেন তিনি।
বদলি নেমে গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচের চেহারা পাল্টে দেওয়ার সামর্থ্য যে মেরিনোর আছে, এই পারফরম্যান্সে তা আরও একবার প্রমাণিত হলো।
নিজেদের ভুলেই ৭৭তম মিনিটে আবার বিপদ ডেকে এনেছিল স্পেন। একটি ভুল পাস পেয়ে যান পেরিসিচ, সামনে একা গোলের সুযোগও ছিল তাঁর। কিন্তু তাঁর জোরালো শট পা দিয়ে রুখে দেন উনাই সিমন।
কিছুক্ষণ পরই বড় ধাক্কা লাগে স্বাগতিক শিবিরে। মার্ক কুকুরেইয়াকে পেছন থেকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হয় পেরিসিচকে। ভিএআরে পর্যালোচনা করেও সিদ্ধান্ত বদলায়নি। তাই ম্যাচের বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয়েছে ক্রোয়েশিয়াকে।
এ সুযোগটাই কাজে লাগিয়ে ৮৮তম মিনিটে স্পেনকে এগিয়ে নেন মেরিনো। মার্তিন সুবিমেন্দির পাস নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের বাধা কাটিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি।
বাকি সময়ে ক্রোয়েশিয়া আর ম্যাচে ফিরতে পারেনি। ২-১ গোলের জয় সঙ্গী করে মাঠ ছাড়ে স্পেন।