মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো : চাকরির আশায় তরুণ-তরুণীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে ময়মনসিংহ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। চাকরিপ্রত্যাশী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানকে একই প্ল্যাটফর্মে এনে সরাসরি যোগাযোগ ও নিয়োগের সুযোগ তৈরির লক্ষ্যে গতকাল অনুষ্ঠিত হয়েছে ‘চাকরি মেলা’।
ওয়ালটন প্লাজা ও ময়মনসিংহ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের যৌথ আয়োজনে মেলায় বিভিন্ন বয়স ও শিক্ষাগত যোগ্যতার চাকরিপ্রত্যাশীরা অংশ নেন। মেলায় চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহের পাশাপাশি নিজেদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা নিয়োগদাতাদের সামনে তুলে ধরেন। সরাসরি কথা বলার সুযোগ পেয়ে চাকরি পাওয়ার প্রত্যাশায় ব্যস্ত সময় কাটান তারা।অন্যদিকে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও সম্ভাবনাময় প্রার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ পান। এতে চাকরির বাজারে প্রার্থী ও নিয়োগদাতার মধ্যকার দূরত্ব কমানোর পাশাপাশি দ্রুত নিয়োগের সম্ভাবনাও তৈরি হয়।
মেলার উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ কেপায়েত উল্লাহ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপাধ্যক্ষ শওকত হোসেন। আয়োজকরা জানান, তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং চাকরিপ্রত্যাশীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ স্থাপনই এ মেলার মূল উদ্দেশ্য। দক্ষ ও যোগ্য তরুণদের কর্মসংস্থানের আওতায় আনতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, চাকরির বিজ্ঞপ্তির অপেক্ষায় না রেখে চাকরিপ্রত্যাশীদের সরাসরি নিয়োগদাতাদের মুখোমুখি করার সুযোগ তৈরি হলে কর্মসংস্থানের নতুন পথ খুলতে পারে। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং বেকারত্ব কমাতেও এ ধরনের আয়োজন সহায়ক হতে পারে।