সৌদি বিমানবন্দরে হুতিদের হামলায় পাইলটসহ নিহত ৩, শতাধিক ফ্লাইট বাতিল

আপলোড সময় : ১০-১০-২০২৬ , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৪:১১:২০ অপরাহ্ন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায় বিভিন্ন দেশের আরো কয়েকজন নাগরিক আহত হয়েছেন।

এছাড়াও হামলার পর বিমানবন্দরে থাকা সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি বিমানে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে নিরাপত্তার স্বার্থে ৩৩০টিরও বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রথম হামলাটি বিমানবন্দরের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। দ্বিতীয় হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজ। হামলায় বিমানবন্দরের কিছু স্থাপনা ও সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে সংবাদ মাধ্যম বিবিসি বলছে, প্রথম হামলাটি বিমানবন্দর প্রাঙ্গণে এবং দ্বিতীয়টি রানওয়ে ও টার্মিনালে থাকা সৌদিয়া এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমানে আঘাত হানে।

সৌদি সিভিল এভিয়েশন অথরিটি (জিএসিএ) এবং সৌদিয়া এয়ারলাইন্স জানিয়েছে, নিহতদের মধ্যে বিমানটির একজন পাইলটও রয়েছেন। অগ্নিকাণ্ডের সময় বিমানে কোনো যাত্রী ছিলেন না।

হুথিরা এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, রিয়াদ বিমানবন্দর ছাড়াও ইয়েমেন সীমান্তবর্তী নাজরান শহরের একটি বিমানবন্দর এবং খামিস মুসাইত বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :