​সেলাই মেশিনকে আয়ের উৎস করে স্বাবলম্বী হোন: প্রতিমন্ত্রী

আপলোড সময় : ১০-১০-২০২৬ , আপডেট সময় : ১০-১০-২০২৬

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো : সেলাই মেশিনকে নিয়মিত আয়ের উৎস হিসেবে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সেলাইয়ের কাজের মাধ্যমে সংসার চালানোর পাশাপাশি সঞ্চয় গড়ে তোলা এবং পর্যায়ক্রমে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব। এতে নারীদের আর্থিক নির্ভরশীলতা কমার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলাই মেশিন বিতরণের উদ্দেশ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নারীদের স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হচ্ছে। সেলাই মেশিন দিয়ে উপার্জনের ব্যবস্থা করে সংসারের ব্যয় নির্বাহের পাশাপাশি ভবিষ্যতের জন্য সঞ্চয় গড়ে তুলতে হবে। ধীরে ধীরে কাজের পরিধি বাড়িয়ে ১০ থেকে ২০টি সেলাই মেশিন নিয়ে ক্ষুদ্র শিল্প গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, নারীরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পর্যায়ক্রমে অন্যদেরও সহযোগিতা করতে পারবেন। এ ধরনের উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন ও অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

নারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড পেতে কাউকে কোনো টাকা দিতে হবে না। কার্ড দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। কেউ কার্ড করে দেওয়ার নামে টাকা দাবি করলে তা প্রশাসনকে জানাতে হবে।পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে বলেও জানান তিনি।

এসময় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :